কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কৃত অ্যাডভোকেট জালাল উদ্দিন বাগেরহাট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত গণতান্ত্রিক আইনজীবী প্যানেল থেকে সভাপতি সহ মোট ১০ টি পদে জয় লাভ করেন। অপরদিকে জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জয়লাভ করেন তারা। ২ টি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী।
এর আগে ২৬ জুলাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বাগেরহাট জেলা ইউনিটের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এডভোকেট জালাল উদ্দিনকে ফোরাম থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। চিটিতে উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় ফোরামের সিদ্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হল।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত। নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। খুবই শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
ঘোষিত ফলাফলে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু ২৪১ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের মনোনীত অ্যাডভোকেট আব্দুল ওলি ২৩৩ ভোট, জুনিয়র সহ-সভাপতি পদে সাধারণ আইনজীবী পরিষদ মনোনীত অ্যাডভোকেট শেখ মো. সাহিবুর রহমান সাহেব ২২০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত এস এম মাহবুব মোর্শেদ লালন ২৪৫ ভোট, অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান ২৬৫ ভোট, সহকারি সম্পাদক গ্রন্থ ও আসবাব পত্রাদি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মকবুল হোসেন ১৮৯ ভোট, সহকারি সম্পাদক ক্রিড়া বিষয়ক গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত এডভোকেট মোঃ সাজ্জাদ হোসাইন ২৫৬ ভোট ও সহকারি সম্পাদক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত এডভোকেট বি এম নুরুল ইসলাম ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত অ্যাডভোকেট শারমিন আক্তার, অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মোঃ সাইদুল ইসলাম এলিন,অ্যাডভোকেট বিজয়া লোপা, অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত এডভোকেট ফকির ইসাদুল হক, অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌউস ও একমাত্র স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হৃদয় নির্বাচিত হয়েছে।