মোঃ হিমেল হোসেন,বিশেষ প্রতিনিধি
মাদকবিরোধী অভিযান জোরদারের ধারাবাহিকতায় নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ১৬ হাজারেরও বেশি বোতল ফেনসিডিল আদালতের নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।
রোববার বিকেলে আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত ফেনসিডিল ধ্বংসের কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংরক্ষণ করা হয়। আদালতের অনুমোদন পাওয়ার পর নির্ধারিত বিধি মেনে সেগুলো ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, বিশেষ অভিযান পরিচালনা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।