ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েই চলেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বুক চিরে বয়ে চলা দুধকুমার নদের পানি। গত ২৪ ঘন্টায় দুধকুমার নদের পানি ৬৭ সে.মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার মাত্র ১১ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম পাউবো সূত্রে জানা যায়, রোববার (২৬ জুন) সন্ধ্যা ৬ টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ২৯.৪৯ সে.মিটার রেকর্ড করা হয়েছে। যা গতকাল একই সময়ে ছিলো ২৮.৮২ সেন্টিমিটার। এই নদে পানির বিপদ সীমা নির্ধারণ করা হয়েছে ২৯ দশমিক ৬০ মিটার। এতে করে নদী অববাহিকার চর ও ডুবোচরে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন নদী পাড়ের বাসিন্দারা সেই সাথে ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন তারা।
দুধকুমার নদী পাড়ের বাসিন্দা মাইদুল, ফরিদুল ও রিয়াজুল জানান, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই এক দিনের মধ্যে চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে। বন্যা হওয়ার আশঙ্কায় আছি। ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান , আগামী ৭২ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানালেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আজ বিকেলে জরুরি মিটিং করে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার সাথে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। জনসাধারণকে সতর্ক করার জন্য মাইকিং এর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।