নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:
বগুড়া জেলার দুপচাঁচিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি পলাশ হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ঐ মোটরসাইকেলের আরেক আরোহী পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান মাস্টার।
১ জুন,সোমবার সন্ধ্যার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগরের কলেজ গেটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত পলাশ হোসেন (৪০) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাকলা গ্রামের বাবু হোসেনের ছেলে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ হোসেন মোটরসাইকেল চালিয়ে দুপচাঁচিয়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে মর্তুজাপুর কলেজগেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয় এবং তাঁর সঙ্গে থাকা জিল্লুর রহমান মাস্টার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।সেখান থেকে বগুড়া মেডিকেলে রেফার্ড করা হয়।
এ বিষয়ে ওসি তাজলিমুর রহমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত পলাশের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।