নেত্রকোনা প্রতিনিধি
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে নেত্রকোনা শহরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।
এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে এবং তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।