মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার:
ঈদের ছুটিতে কক্সবাজারে বেড়াতে এসে এক নবজাতক শিশুকে নিয়ে যাওয়ার অভিযোগে চট্টগ্রামের এক দম্পতিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা চট্টগ্রাম জেলার বাসিন্দা। তারা পরিবারসহ কক্সবাজারে এসে একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। শুক্রবার সৈকত এলাকায় ঘোরাফেরার সময় এক হকার পরিবার ও তাদের আড়াই মাস বয়সী শিশুর সঙ্গে পরিচয় হয়।
শিশুর মা অভিযোগ করেন, শিশুটি কান্নাকাটি করলে ওই নারী তাকে কোলে নিয়ে স্নেহ প্রদর্শন করেন এবং একপর্যায়ে শিশুটিকে নিজের কাছে রাখার আগ্রহ প্রকাশ করেন। পরে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।
এদিকে শিশুকে নিয়ে দম্পতি হোটেলে ফিরে দ্রুত চেকআউটের প্রস্তুতি নিলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। শিশুর পরিচয় সম্পর্কে জানতে চাইলে তাদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায়। পরে বিষয়টি জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে আটক করে।
পরবর্তীতে তাদের সদর মডেল থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
সদর মডেল থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।