পাইকগাছা খুলনা প্রতিনিধি।
খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের সামনে ওষুধের মর্যাদা রক্ষা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে এক বিশাল প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
১০/৫/২৬ রবিবার সকাল ১০টাপাইকগাছায় ফারিয়া (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন) এবং পাইকগাছা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরামের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো 'দালাল' নন; বরং তারা দেশের অন্যতম সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। স্বাস্থ্যখাতে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দিতে তারা দিনরাত পরিশ্রম করেন। অথচ বর্তমানে বিভিন্ন স্থানে তারা নানাভাবে হেনস্থা ও পেশাগত অমর্যাদার শিকার হচ্ছেন।
বক্তারা সরকারের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন: রিপ্রেজেন্টেটিভদের কাজকে সম্মানজনক পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে কোনো প্রকার হয়রানি ছাড়াই কাজ করার পরিবেশ নিশ্চিত করা।কাজের সময় চিকিৎসকদের সাথে সাক্ষাতের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তা নিরসন করা।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "অধিকার আদায়ে আমরা সবাই একসাথে।" যদি অবিলম্বে তাদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় পাইকগাছা ফারিয়া ও ম্যানেজার্স ফোরামের স্থানীয় নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন কোম্পানিতে কর্মরত কয়েকশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উপস্থিত সবাই সুশৃঙ্খলভাবে ব্যানার ও বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।