
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় শিক্ষার মানোন্নয়ন ও কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এক ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে পাইকগাছা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি লিমিটেড।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় পাইকগাছা পৌরসভাস্থ আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক সুপার মার্কেট ভবনে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন সরকারি, বেসরকারি ও মাদ্রাসার ১ম থেকে ৫ম শ্রেণির কৃতী শিক্ষার্থীদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
শেখ মোঃ রুহুল কুদ্দুস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি প্রাণবন্ত সঞ্চালনা করেন অ্যাডভোকেট মনজুরুল ইসলাম ও হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সিনিয়র শিক্ষকগণ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোঃ রহমত আলী (সিনিয়র সহকারী শিক্ষক, সরকারি বালক বিদ্যালয়),আকতার হোসেন,,খলিলুর রহমান ও আমিনুর রহমান লিঠু,
হুমায়ন কবির, রেজাউল করিম ও সাইদুর রহমান, কল্পনা ম্যাডাম, মশিউর রহমান, প্রিয়াংকা মিস্তি, নূরনাহার ও দেবযানী দেবু সহ স্থানীয় সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। ছোটবেলা থেকেই যদি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহ প্রদান করা হয়, তবে তারা ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত হবে। ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ স্থানীয় শিক্ষার পরিবেশ উন্নয়নে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।”
ব্যবসায়ীদের পক্ষ থেকে শিক্ষার প্রতি এমন মমত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা দেখে উপস্থিত অভিভাবক ও স্থানীয় সচেতন মহল অত্যন্ত আনন্দিত। অভিভাবকরা জানান,এ ধরণের আয়োজন শিশুদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে। আমরা আশা করি, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পাইকগাছা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। মেধার মূল্যায়নের মাধ্যমে তারা যে দৃষ্টান্ত স্থাপন করল, তা অত্র অঞ্চলের সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার করবে বলে সকলের বিশ্বাস।
