নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর জামে মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের আগে ও পরে স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।
বক্তব্যে তিনি জেলা পুলিশের আসন্ন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ নিরপেক্ষভাবে সম্পন্ন হবে। এ বিষয়ে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া বক্তব্যে মাদক, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান ওসি। তিনি বলেন, এসব অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য।
ওসি আরও বলেন, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্যও আহ্বান জানান তিনি।
জুমার নামাজে উপস্থিত মুসল্লিরা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।