নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় তিন মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার মদন ও খালিয়াজুরী থেকে ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মদন উপজেলার দশআশি গ্রামের পলাশ মিয়া (৩৭), কেন্দুয়া উপজেলার শাগলী গ্রামের টিটু মিয়া (৩৫) ও খালিয়াজুরী উপজেলার রানীচাপুর গ্রামের মো. মাসুদ মিয়া (৪৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে মদন উপজেলার দশআশি গ্রামে অভিযান চালিয়ে পলাশ ও টিটুকে মাদকসেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের ৮০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান,' ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড ও ৮০০ জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।'
এদিকে খালিয়াজুরী উপজেলার রানীচাপুর গ্রামে অভিযান চালিয়ে মাসুদ মিয়াকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবন করার কথা স্বীকার করেন মাসুদ। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত মাসুদকে আগামীকাল সকালে কারাগারে পাঠানো হবে।