নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ শহরে এক স্কুলছাত্রীকে ইভটিজিং ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
০৬ এপ্রিল,সোমবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পারেন যে, শহরের একটি স্বনামধন্য বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় এক অজ্ঞাতনামা তরুণ মোটরসাইকেলযোগে এসে তার পথরোধ করে এবং তাকে স্পর্শ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর থেকে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েন এবং ভয় ও আতঙ্কে স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেয়—এমন তথ্য পুলিশ সুপারের কাছে পৌঁছায়।
ঘটনার গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তকে শনাক্ত ও দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। পরবর্তীতে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে।
এর ধারাবাহিকতায় মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে মোঃ গোলাম মোস্তফা ওরফে রাব্বি (২৭), পিতা: মোঃ হাফিজার রহমান, সাং: কাদোয়া (উত্তরপাড়া), থানা ও জেলা: নওগাঁ—কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় ঘটনার সাথে জড়িত মোটরসাইকেল ও পরিহিত শার্ট জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছে। এছাড়াও, পূর্বেও সে স্কুলছাত্রীদের ইভটিজিং ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের সঙ্গে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, “সড়কে ইভটিজিং বা শিক্ষার্থীদের হয়রানির মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”