খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়ার গাবতলা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৭ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার(২১ ফেব্রুয়ারি) গভীর রাতে শোভনা গাবতলা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৭টি দোকান, মালামাল এবং প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে, যা ব্যবসায়ীদের চরম বিপাকে ফেলেছে।
প্রত্যক্ষদর্শী ও দায়িত্বরত নৈশ প্রহরীর মতে, রাত আনুমানিক ১ টায় বাজারের বারিন দেবনাথের মুদি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দোকানগুলো বাঁশ ও টিনশেড হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে অন্তত ৭ টি দোকান ভস্মীভূত হয়েছে। প্রাথমিক হিসাবে, আগুনে প্রায় ১০ লাখ টাকার অধিক মালামাল এবং নগদ টাকা নষ্ট হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধা ঘন্টা নিরলস প্রচেষ্টার পর, স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগেই মালামাল সহ দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।
পুড়ে যাওয়া দোকানগুলোর ব্যবসায়ীরা হলেন,মৃত্যুঞ্জয় বিশ্বাস,মুরাদ শেখ,বারিন দেবনাথ,সুব্রত বিশ্বাস,জাহিদুল ফকির,সলেমান খান ও মোহাম্মদ বিশ্বাস সহ মোট ৭ টি দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মৃত্যুঞ্জয় বিশ্বাস ও সুব্রত বিশ্বাস জানান, তাদের দোকানগুলো সারিবদ্ধ এক লাইনে ৭ টি দোকান,৭ টি দোকানই সম্পূর্ণ আগুনে পুড়ে ভস্মীভূত হয়। তারা আরোও বলেন তাদের দোকানে একেক জনের দেড় লাখ টাকার অধিক মালামাল ছিলো সবকিছুই পুড়ে গেছে। তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন খোলা আকাশের নিচে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে দোকানগুলোর মালিক খলিলুর রহমান লিপুর দাবি পূর্ব শত্রুুতার জেরেও এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। দোকান মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্তের দাবি জানিয়েছেন।
শোভনা বাজার কমিটির সভাপতি আবুল বাশার খান ও সাধারণ সম্পাদক আবু সাইদ শেখ জানান, আগুন লাগার ঘটনা শোনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি পরিকল্পিত ঘটনা কিনা সেটা তদন্ত কমিটি করে খতিয়ে দেখা হবে। তারা আরোও বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সকল সহযোগিতায় আমরা বাজার কমিটি পাশে রয়েছি। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ অগ্নিকান্ডের সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুর রশিদ শেখ ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা গাজী আব্দুল হালিম ও ডুমুরিয়া থানা পুলিশ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।