মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালির রাজধানী রোমে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের নাগরিক অধিকার সুরক্ষা এবং সরকারি কর্তৃপক্ষের সাথে কার্যকরী যোগাযোগ স্থাপনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সেন্ত্র ইসলামিকো দি রোমা’।
রোমের স্থানীয় বেষ্ট ওয়েসটান হোটেলের সালা লুক্রেসিয়ায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির ডেমোক্রেটিক পার্টির বিশিষ্ট সংসদ সদস্য (এমপি) পাওলো চিয়ানি।
‘সেন্ত্র ইসলামিকো দি রোমা’ মূলত একটি অরাজনৈতিক ও সেবামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। যা রোমের সবগুলো মসজিদের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। এই সংগঠনের প্রধান লক্ষ্য সরকারি সমন্বয়ে ইতালীয় সরকার ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে মুসলিম কমিউনিটির যৌক্তিক দাবি ও সমস্যাগুলো আনুষ্ঠানিকভাবে তুলে ধরা। নাগরিক অধিকারে ধর্মীয় উপাসনালয়, দাফন ব্যবস্থার সংকট এবং প্রশাসনিক জটিলতা নিরসনে কাজ করা, সামাজিক মেলবন্ধনের মাধ্যমে ইতালীয় মূলধারার সংস্কৃতির সাথে মুসলিম কমিউনিটির সংহতি ও পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি করা।
এমপি পাওলো চিয়ানি তার বক্তব্যে বলেন, "রোমের মতো একটি বৈশ্বিক শহরে মুসলিম কমিউনিটির এই সুসংগঠিত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই প্রতিটি মানুষ তাদের ধর্মীয় ও সামাজিক পরিচয় নিয়ে সম্মানের সাথে বসবাস করুক। এই সংগঠনটি সরকার এবং কমিউনিটির মধ্যে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করবে।"
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের প্রয়োজনীয়তা থেকেই এই সংগঠনের জন্ম। তারা বিশ্বাস করেন, বিচ্ছিন্নভাবে নয় বরং একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্মের মাধ্যমে আলোচনা করলে ইতালীয় প্রশাসনের কাছ থেকে দ্রুত সহযোগিতা পাওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এই নতুন সংগঠনের যাত্রাকে স্বাগত জানান এবং ইতালিতে একটি শান্তিপূর্ণ ও প্রবাসীদের অধিকার-সচেতন সমাজ গঠনে এই সংগঠনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজধানী রোমের ১২ নং মিউনিসিপিওর প্রেসিডেন্ট এলিও তমাচ্ছেত্তি, কনসিলিও কমুনালের ভাইস প্রেসিডেন্স কারমিনে বারবাতি, এ্যাডভোকেট ড.আব্দুল্লাহ গাড এলরাব।
অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ত্র ইসলামিকো দি রোমা’-র প্রেসিডেন্ট আহমেদ ভাল ওউদ দাহ, সেন্ত্র জোবানিলে দি রোমার কেন্দ্রিয় সভাপতি মোঃ মশিয়ার রহমান, জোভানী মুসলমানি দি ইতালীয়ার প্রেসিডেন্ট আয়েশা সহ আরো অনেকেই।
এছাড়াও অনুষ্ঠানে ইতালীয় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলা সহ বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।