শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ইং অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে এলাকাবাসীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের নার্সারী পাড়া, টাউন হল পাড়া ও মোহাম্মদপুর এলাকার সাধারণ জনগণের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ গণতন্ত্র ও ভোটের অধিকার থেকে বঞ্চিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের সেই অধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিএনপি জনগণের দল হিসেবে সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার ফিরিয়ে আনার প্রতীক। আগামী নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে ও ওয়াদুদ ভাইকে বিজয়ী করবে।
প্রধান বক্তা মোঃ জহিরুল হক বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসে দেশের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চায়। এজন্য সবাইকে ধানের শীষের পক্ষে ও ২৯৮ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং আগামী নির্বাচনে বিএনপির পক্ষে সমর্থন ও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।