মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে ফরিদপুরের ভাঙ্গায় এক বিশেষ ‘কর্মী মোটিভেশন প্রোগ্রাম’-এর আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ফরিদপুর-৪ আসনের প্রার্থীর নিজস্ব বাসভবন (পুলিয়া, ভাঙ্গা) প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে সূত্রে জানা গেছে।
বাংলাদেশ খেলাফত মজলিস ‘নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬' এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে কর্মীদের আগামী দিনের নির্বাচনী কৌশল এবং সাংগঠনিক আদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মোটিভেশন প্রোগ্রামের মাধ্যমে ফরিদপুর-৪ নির্বাচনী এলাকায় সংগঠনের ভিত্তি আরও মজবুত হবে এবং ‘রিকশা’ প্রতীকের পক্ষে জনমত গঠনের কাজ বেগবান হবে বলে ধারণা করা হচ্ছে।
উক্ত সভায় ভাঙ্গা উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার আহ্বান জানানো হয়েছে।