মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার(১৪ জানুয়ারি) দুপুরের পর শুরু হওয়া শুনানিতে তার মনোনয়ন বৈধ করা হয়। বিষয়টি প্রার্থী নিজেই ফেসবুক লাইভে বৈধতার কথা নিশ্চিত করেন।
স্থানীয় পর্যায়ে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী ও তার প্রতিনিধিরা সকাল দশটা থেকে শুরু হওয়া শুনানিতে বিকেল চারটা পর্যন্ত অংশ নেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বৈধতা পেয়ে তিনি ফেসবুকে লাইফ দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে স্থপতি মুজাহিদ বেগ বলেন, আমার দুইজন সমর্থক ভয়ে অস্বীকৃতি জানালে আমার মনোনয়নপত্র বাতিল হয়, আজ তাদেরকে (দুইজন সমর্থক কে) স্বশরীরে শুনানিতে হাজির করলে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেন ইসি মহোদয়।
আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। নিশ্চয়ই আমাকে জনগণ ভোটের মাধ্যমে আরেক ধাপ বিজয় করবেন। আমি শুরু থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ন্যায়বিচারের ওপর আস্থা রেখেছি। অবশেষে সেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করা হবে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, মুজাহিদ বেগ পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে পরিচিত। সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা এবং মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য।
প্রার্থীতা পুনর্বহালের খবরে তার নির্বাচনী কার্যালয়ে সমর্থকদের ভিড় জমে ওঠে। মিষ্টি বিতরণ, স্লোগান ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য যে, গত ৮ জানুয়ারি ফরিদপুর-৪ (ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর তথ্যে অসংগতি পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।