আবুল হোসেন রিপন, খাগড়াছড়ি:
দেশের সর্ববৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার গুইমারা উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। মাওলানা ইউসুফ খানকে সভাপতি ও মাওলানা মুফতি জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে গুইমারা আদর্শ নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার হল রুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কাউন্সিল অধিবেশন শুরু হয়।
আল্লামা জমির উদ্দিন নানুপুরী (রহ.) এর খলিফা, আলহাজ্ব মাওলানা দেলোয়ার হোসেন আনছারীর সভাপতিত্বে এবং জেলা অর্থ সম্পাদক হাফেজ ক্বারি নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা ক্বারি ওসমান গনী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামিম হোসাইন ফারুকী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান জামিল।
কাউন্সিল অধিবেশনে মুরুব্বি ওলামায়ে কেরামের পরামর্শ এবং উপস্থিত সকলের কণ্ঠভোটে নতুন কমিটি নির্বাচিত হয়। এতে প্রধান উপদেষ্টা, আলহাজ্ব মাওলানা দেলোয়ার হোসেন আনছারী, গুইমারা আদর্শ নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা ইউসুফ খান সভাপতি, সহ- সভাপতি, মাওলানা লোকমান, মাওলানা মুফতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক এবং হাফেজ মাওলানা মহিউদ্দিন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন:
* অর্থ সম্পাদক: মাওলানা রিয়াজ
* প্রচার সম্পাদক: এস এম মহিউদ্দিন
* দপ্তর সম্পাদক: মাওলানা আবুল কালাম
* শিক্ষা ও গবেষণা সম্পাদক: হাফেজ জুনায়েদ
* সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মাওলানা আজিজুল্লাহ
* সমাজ কল্যাণ সম্পাদক: মাওলানা শেখ রেজওয়ান
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ক্বারি ওসমান গনী বলেন, "হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক সংগঠন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সর্বস্তরে মানুষের মাঝে দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। গুইমারা উপজেলা শাখার এই নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা সেই লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলাম। আমি আশা করি, নতুন নেতৃত্ব সমাজের সর্বস্তরে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাবে এবং মুসলিম উম্মাহর ঐক্য সুসংহত করবে।"