
স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার নতুনপাড়া কারীমিয়া ক্বেরাতুল কুরআন মাদরাসার উদ্যোগে ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সম্মেলন ও হিফজুল কুরআন বিভাগের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট, ২০২৫) এই অনুষ্ঠানটি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত হয়।
অনুষ্ঠানে ১৯ জন ছাত্রকে হিফজ সবক প্রদান করা হয়। মাদরাসার শিক্ষক সিদ্দিক বিন আব্দুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান যুলফিকার।
অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান যুলফিকার বলেন, “কুরআন শিক্ষা শুধু একটি নির্দিষ্ট বয়সের জন্য নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তের জন্য। আমাদের শিক্ষার্থীরা যে অধ্যবসায় ও নিষ্ঠার সাথে হিফজ সম্পন্ন করছে, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা আশা করি, তারা কুরআনের জ্ঞানকে হৃদয়ে ধারণ করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হারুনুর রশিদ আজিজী তার বক্তব্যে বলেন, “পবিত্র কুরআন শুধু একটি গ্রন্থ নয়, এটি আমাদের জীবনের পথনির্দেশ। এই মাদরাসা থেকে শিক্ষার্থীরা যে দ্বীনি শিক্ষা লাভ করছে, তা তাদের দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণ বয়ে আনবে।”
এছাড়াও বক্তব্য রাখেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার সুপার মাওলানা কাজী সলিমুল্লাহ এবং নতুনপাড়া মাদরাসার শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা মোস্তফা কামাল।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে, খাগড়াছড়ির প্রবীণ আলেম ও শত শত হাফেজের উস্তাদ মাওলানা ওমর ফারুক হিফজ ও নাজেরা ছাত্রদের সবক প্রদান করেন। মাদরাসার পরিচালক ফলাফল ঘোষণা করার পর, মাদরাসা ও এলাকার বিভিন্ন কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গও তাদের মূল্যবান বক্তব্য দেন।
পরিশেষে, মাদরাসা ও এলাকার উন্নতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
