
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি,নওগাঁ:
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে ঝর্ণা খাতুন (২৫) নামের এক গৃহবধূ স্বামীর নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৬ আগস্ট রাতে পরিবারের সবাই একসাথে খাবারের জন্য বসেন। সেই সময় ঝর্ণার স্বামী মোঃ আকাশ হোসেন তরকারির স্বাদ না হওয়ায় রাগান্বিত হয়ে স্ত্রীকে গালিগালাজ এবং মারধর করেন।
মারামারি সহ্য করতে না পেরে ঝর্ণা ২৭ আগস্ট ভোর ৫:৩০ মিনিটে বাবার বাড়ি যাওয়ার চেষ্টা করেন। স্বামী তাকে বাধা দেন এবং পুনরায় মারধর করেন। শেষ পর্যন্ত ভিকটিম সকাল ৬:০০ ঘটিকায় নিজের ঘরে দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস লাগান।
ঘটনার বিষয়ে স্বামী ও শাশুড়ি পেয়ারা বেগম জানতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সকাল ৮:৪৫ মিনিটে জরুরি বিভাগের ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্বামী ও শাশুড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। লাশ বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে আছে বলে জানা যায়।বিষয়টি আত্নহত্যার প্ররোচনা বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, আকাশ হোসেন প্রায়ই স্ত্রীকে অকারণে মারধর করতেন এবং প্রতিবাদ করলে অন্যদের সঙ্গেও দুর্ব্যবহার করতেন। এতে কেউ ঝর্ণাকে রক্ষা করতে সাহস পাননি।
ঘটনাটি এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযুক্ত আকাশ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বদলগাছী থানার ওসি জানিয়েছেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সুষ্ঠু তদন্ত চলছে।
