নেত্রকোনা প্রতিনিধি
দেশে গনতন্ত্রের সুবাতাস বইছে, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে শান্তি ও সুশাসন ফিরবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটি এম আব্দুল বারী ড্যানী।
তারেক রহমানকে ছাত্র জনতার আন্দোলনের মাস্টারমাইন্ড উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের সুক্ষ্ম দিক নির্দেশনায় বিএনপি ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে।
আজ সোমবার দুপুরে নেত্রকোনায় সদর উপজেলা বিএনপির সম্মেলনে আব্দুল বারী ড্যানী এসব কথা বলেন। জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাবেক এই ছাত্রনেতা বলেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গনতন্ত্রের অগ্রযাত্রা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা শান্তিপূর্ণ অগ্রযাত্রা চাই। বিএনপি দেশের মানুষের ভাতের ব্যবস্থা করতে চায়, বাসস্থানের ব্যবস্থা করতে চায়। শান্তিপূর্ণ বসবাসের ব্যবস্থা করতে চায়।
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, দেশ গঠনে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে আপনাদের সবার অবদান রয়েছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে দেশে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই অগ্রযাত্রায় আপনাদের সবার অংশগ্রহণ দরকার। সবাই মিলে একটি সুন্দর গনতান্ত্রিক সমৃদ্ধ দেশ আমরা গঠন করবো।
সম্মলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মজিবুর রহমান খান। সঞ্চালনায়
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু। এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, পৌর বিএনপির সদস্য সচিব মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাত প্রমুখ।