খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
"মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩" অনুযায়ী খুলনার ডুমুরিয়া উপজেলায় লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত মাছের ডিপোগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান।
এ অভিযানে কাঠালিয়া, মাদারতলা ও শিবনগর এলাকায় অবস্থিত মেসার্স রাজিব ফিশ ও মেসার্স রজত ফিশকে লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে ডিপো পরিচালনার দায়ে ১০০০ টাকা করে জরিমানা করা হয়। একই কারণে মেসার্স ফাতেমা ফিশ ও মেসার্স ভূমি ফিশকে ৫০০ টাকা করে এবং মেসার্স রিমি ফিশকে ২০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আরোও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলম এবং অফিস সহকারী মোঃ সাইফুল্লাহ।
উল্লেখ্য যে, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের নির্দেশে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসন, ডুমুরিয়া, খুলনার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তার স্বার্থ ও মৎস্য আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।