
বাগেরহাট প্রতিনিধি
সকল গ্রুপিং এর অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ বিএনপি গড়তে চান চৌধুরী সেলিম আহমেদ। সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার ডাক বাংলোয় সংবাদ কর্মীদের সাথে একান্ত সাক্ষাৎকালে তিনি একথা বলেন। চৌধুরী সেলিম আহমেদ আসন্ন মোল্লাহাট উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী। এর আগে তিনি বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মোল্লাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। যতদূর জানা গেছে, শেখ হাসিনা, শেখ হেলালসহ আত্মীয়-স্বজন এবং প্রশাসনের উচ্চ পর্যায় থেকে একের পর এক চাপ সৃষ্টি করে,লোভ এবং হুমকি দেখিয়েও দলত্যাগ করাতে পারেনি এই বিএনপি নেতাকে।
সংবাদ কর্মীদের সাথে সাক্ষাৎকালে তিনি আরো বলেন, মোল্লাহাট উপজেলা বিএনপির ঘাঁটি। যদিও গোপালগঞ্জের কোলঘেশা তারপরেও এখানে রয়েছে বিএনপি’র শক্ত অবস্থান। সঠিক নেতৃত্ব এবং জেলা পর্যায়ে গ্রুপিং এর কারণে দুর্বল হয়ে পড়েছে এই উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল কার্যক্রম। জেলা নেতাদের মধ্যে দ্বন্দ্বের প্রভাব পড়েছে তৃণমূলের কর্মীদের মাঝে। গ্রুপিংটা প্রকট আকার ধারণ করেছে। উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে জয়ী হলে গ্রুপিং মুক্ত বিএনপি গড়ে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে শেখ হাসিনা, শেখ হেলালসহ রাষ্ট্রীয় ক্ষমতার কাছে মাথা নত করি নাই। ঢাকা খুলনা বাগেরহাটের সকল প্রোগ্রামে নেতাকর্মীদের নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। দুঃসময়ে তাদের পাশে থেকেছি। বিভিন্ন সুবিধা নেওয়ার সুযোগ থাকলেও ফ্যাসিস্টদের সাথে আপোষ করি নাই। আমি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি শ্রদ্ধাশীল। আগামী উপজেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীদের সমর্থন নিয়ে জয়ী হয়ে মোল্লাহাট উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চান চৌধুরী সেলিম আহমেদ।
