কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি
মোংলায় যৌথ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও সিমফ্রাই জাল জব্দ করা হয়েছে।শুক্রবার (৬ জুন) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি আরও জানান, শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী এবং বন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে মোংলা উপজেলার শাপলা চত্বর মোড় সংলগ্ন মেসার্স হাসান স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে প্রতিষ্ঠান থেকে আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্যমানের ২৫শ কেজি অবৈধ পলিথিন এবং আনুমানিক ১ কোটি ৭৫ লক্ষ টাকা সমমূল্যের ৫ লক্ষ মিটার সিমফ্রাই জাল জব্দ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন এবং মৎস্য সংরক্ষণ বিধিমালা অনুযায়ী এসব সামগ্রী অবৈধ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।
জব্দকৃত অবৈধ পলিথিনসমূহ পরবর্তীতে বাগেরহাটের পরিবেশ অধিদপ্তর এর নিকট হস্তান্তর করা হয় এবং জব্দকৃত সিমফ্রাই জালসমূহ পরিবেশবান্ধব উপায়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করার প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এই অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।