নাজমুল ইসলাম সৈকত, পাথরঘাটা (বরগুনা)
ভারতে বাংলাদেশী নিযুক্ত হাইকমিশনারে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বরগুনার পাথরঘাটায়। এতে সমস্বরে প্রতিবাদ জানান শিক্ষক সুনীল চন্দ্র হালদার।
পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ও কাঠালতলী ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে চরদুয়ানী বাজারে ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ভারতে বাংলাদেশী নিযুক্ত হাই কমিশনার এর কার্যালয়ে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা পূর্বক পোড়ানোর প্রতিবাদ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দাবীতে এ বিক্ষোভ প্রতিবাদে বক্তারা ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে ভারতের আগ্রাসন বন্ধ সহ বাংলাদেশের প্রতি কুনজর না দিতে ভারতকে হুশিয়ার করেন।
সমাবেশের একপর্যায়ে বক্তব্য প্রদান করেন চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী সুনীল চন্দ্র হালদার। বক্তব্যে তিনি সমস্বরে ভারতের এহেন কর্মকাণ্ডের নিন্দা জানান। তিনি বলেন প্রয়োজনে দেশের জন্য আবারও যুদ্ধ করবো, বাংলাদেশের কোনো সমস্যা এই রাষ্ট্রই সমাধান করবে ভারতের এখানে নাক গলানোর কিছু নেই। তিনি আরও বলেন আমরা যদি আমাদের সমস্যার সমাধান করতে পারি তাহলে কোনো পরাশক্তি আমাদের উপর হস্তক্ষেপ করবে সেটা প্রত্যাশা করিনা।
কয়েকশত সাধারণ মানুষের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশের সবশেষে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের পাথরঘাটা উপজেলা সভাপতি ডা: সোহাগ বাদশা। সোহাগ বাদশা বলেন এই বাংলাদেশ রক্ষার্থে শুধু মুসলমান নয় সারা বাংলাদেশের হিন্দুরাও রাস্তায় নেমে আসছে। ভারতকে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ যদি তোয়াক্কা না করে তাহলে বাংলাদেশও তোয়াক্কা করবেনা।
পরে উপস্থিত সকলে বিক্ষোভ মিছিল নিয়ে চরদুয়ানী বাজার প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি করেন।