
মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ১৫ বছর বয়সের এক আদিবাসী যুবতীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে অনীল বেশরা (৫৫) নামের এক আদিবাসী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। অভিযুক্ত ব্যক্তি উপজেলার ২নং পালশা ইউপির বেলওয়া গ্রামের ডুগরু বেশরার ছেলে।
গত রবিবার রাতে ভুক্তভোগী যুবতীর মা বাদি হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করলে পুলিশ সে রাতেই অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ও মামলার বাদি একই এলাকার বাসিন্দা হওয়ায় সুবাদে বাদির বাড়িতে যাওয়া আসার অবাধ সুযোগে বাদীর কন্যার দিকে কু-দৃষ্টি দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিতে থাকে। এরই সূত্র ধরে চলতি বছরের ৭ ফেব্রুয়ারী সকাল অনুমান ৯ টার দিকে চা পান করার ছলে বাদীর বাড়িতে প্রবেশ করে ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভিকটিম কান্নাকাটি শুরু করলে তাকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য নিষেধ করে চলে যায়। ঘটনার পর থেকে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিক বার ধর্ষণ করে। এক পর্যায়ে বাদির কন্যা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে জানতে পারেন তার কন্যা সাত মাসের গর্ভবতী। ভিকটিমের নিকট ঘটনা সংক্রান্ত বিস্তারিত জানার পর বিষয়টি আশে পাশের লোকজন জানতে পারলে আসামী ভিকটিম ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে আজ ভিকটিম কে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে পাঠানো হবে।
