মোঃ হিমেল হোসেন,বিশেষ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও মাঠপর্যায়ে গ্রাম পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে বিনামূল্যে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালন এবং প্রত্যন্ত এলাকায় দ্রুত যাতায়াতের ক্ষেত্রে সহায়তা পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর এবং মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটন।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ জনপদে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার ক্ষেত্রে গ্রাম পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের দায়িত্ব পালনের সুবিধার্থে বাইসাইকেল সরবরাহ করা হয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকায় যাতায়াত সহজ হবে এবং প্রয়োজনের সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো ও তথ্য আদান-প্রদানে তাঁরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, গ্রাম পুলিশ সদস্যরা তৃণমূল পর্যায়ে প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে মানুষের নিরাপত্তা ও স্থানীয় পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেন। দায়িত্ব পালনে তাঁদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্য শেষে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। পরে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল নিজে একটি বাইসাইকেল চালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। তাঁর এ উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।
বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, নতুন বাইসাইকেল ব্যবহারের ফলে দায়িত্ব পালনকালে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে ইউনিয়নের দূরবর্তী গ্রামগুলোতে দায়িত্ব পালন, স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জরুরি তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি সহায়ক হবে।
স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের চলাচলের সুবিধা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনের উপযোগী সরঞ্জাম নিশ্চিত করা গেলে গ্রামীণ জননিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালনে গতিশীলতা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে জননিরাপত্তা নিশ্চিত করার কাজে ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।