নাজমুস সাকিব, কচুয়া বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের তালেশ্বর এলাকার ঐতিহ্যবাহী সুইচগেটটি (স্লুইস গেট) এখন স্থানীয় জনসাধারণের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে গেটটির মূল কাঠামো জরাজীর্ণ হয়ে পড়ায় এটি এখন দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এই সুইচগেটটি একসময় তালেশ্বর ও এর আশেপাশের বেশ কয়েকটি গ্রামের নানা শ্রেণী ও পেশার মানুষের নদী পারাপারের একমাত্র প্রধান মাধ্যম ছিল। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এর ওপর দিয়ে পারাপার হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার আতঙ্কে থাকে। কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নেওয়ার জন্য এই পথটি ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিকল্প পথ না থাকায় বাধ্য হয়েই ভাঙাচোরা এই কাঠামোর ওপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের।
এলাকাবাসীর ক্ষোভ ও দাবি:
তালেশ্বর এলাকার স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, গেটটির এই বিপজ্জনক অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) যানিয়ে খুবই দ্রুত সংস্কার উদ্যোগ নেওয়া জন্য দাবি করে । যেকোনো মুহূর্তে বড় ধরনের ধস বা দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে তাদের।
এলাকাবাসীর জোর দাবি—অনতিবিলম্বে কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই যেন কচুয়ার তালেশ্বর সুইচগেটটি সংস্কার অথবা নতুন একটি সেতু বা আধুনিক গেট নির্মাণ করে হাজার হাজার মানুষের নিরাপদ যাতায়াত ও কৃষি সুবিধা নিশ্চিত করা হয়।