পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ১৫ আগস্ট পালন ও নাশকতার চেষ্টার অভিযোগে ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ও নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি নাশকতার মামলা দায়ের করে।
নাশকতার আশঙ্কায় গত শনিবার (১৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পীরগঞ্জ ইউনিয়নের নারায়ণপুর প্রধানপাড়া গ্রামের মৃত হাজী দারফ তুল্লাহার ছেলে ফজলুল হক এবং একই গ্রামের মৃত ধরেন চন্দ্র শীলের ছেলে কার্তিক চন্দ্র শীল।
পুলিশ জানায়, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ১৫ আগস্ট পালন করা হয়েছে—এমন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাওয়া যায়। বিষয়টি যাচাই-বাছাই এবং নাশকতার চেষ্টার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আইন অমান্য করে ১৫ আগস্ট পালন ও নাশকতার চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে গ্রেপ্তার দুজনকে পুলিশের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।