নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা সাবেক জামায়াতের আমির মোহাম্মদ ইসমাইল হোসেনকে ঘিরে সংঘবদ্ধভাবে নেতিবাচক প্রচারণা ও মিডিয়া ন্যারেটিভ তৈরির অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে ইসমাইল হোসেন দাবি করেন, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ ছড়ানো, ষড়যন্ত্র করা এবং সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বতন্ত্রভাবে যাচাই করা তথ্য এবং সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
পোস্টে তিনি লেখেন, “একজন মজলুমের নীরবতা দুর্বলতা নয়, বরং মহান আল্লাহর ওপর অটুট ভরসার বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, তাঁর নীরবতাকে কাপুরুষতা কিংবা ধৈর্যকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। প্রতিশোধের পথে না গিয়ে মহান আল্লাহর ন্যায়বিচারের ওপর আস্থা রেখে তিনি ধৈর্য ধারণ করছেন।
ইসমাইল হোসেনের ভাষ্য, মিথ্যা অপবাদ ও ষড়যন্ত্রের মাধ্যমে কারও সম্মানহানি করা হলে তার জবাবদিহি একদিন করতেই হবে। তিনি নিজের বিরুদ্ধে ওঠা পরিস্থিতির সুষ্ঠু বিচার এবং প্রকৃত সত্য প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি বলেন, “সময়ের অপেক্ষা করতে আমি রাজি, কিন্তু ন্যায়বিচারের প্রতি আমার বিশ্বাস হারাতে রাজি নই। আমার শেষ ভরসা মহান আল্লাহ। তিনিই সর্বোত্তম বিচারক, তিনিই সত্য ও মিথ্যার চূড়ান্তট ফয়সালাকারী।”