মোঃ হিমেল হোসেন, বিশেষ প্রতিনিধি
দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার আহ্বানের মধ্য দিয়ে নওগাঁর বদলগাছীতে জাতীয় যুব দিবস ২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্টরা এবং স্থানীয় পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাজহারুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল আলম এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাজহারুল আলম। তিনি যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিপুল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হলে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। শুধু চাকরির প্রত্যাশায় সীমাবদ্ধ না থেকে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। এতে ব্যক্তিগত স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়া গেলে অনেক বেকার যুবক নিজ উদ্যোগে ব্যবসা কিংবা বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ড শুরু করতে পারবেন। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কর্মসূচি তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তাঁদের আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া এবং নিজ নিজ উদ্যোগ সম্প্রসারণে উৎসাহিত করা হয়।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে বদলগাছীতে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, বেকারত্ব হ্রাস এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার গুরুত্ব নতুন করে তুলে ধরা হয়।