পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন।
এছাড়াও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব, রহিমা আক্তার শম্পা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভিন, উপজেলা বন কর্মকর্তা প্রবীর দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন আহমেদ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ এবং পরিবার ও সামাজিক পর্যায়ে কন্যাশিশুর প্রতি সব ধরণের বৈষম্য দূরীকরণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।