রিয়াজ ইসলাম, জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী (বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে রেফারকৃত), কর্মকর্তা ও কর্মচারী এবং তাঁদের যোগ্য নির্ভরশীলদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ ছাড় প্রদানের লক্ষ্যে দি ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এবং দি ইবনে সিনা ট্রাস্টের পক্ষে প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও এজিএম নিয়াজ মাখদুম শিবলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, মানবতার সেবায় নিয়োজিত এ ধরনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরব ও আনন্দের বিষয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসাসেবার সুযোগ ও সুবিধা সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। ইবনে সিনা একটি নির্ভরতা ও আস্থার প্রতীক। প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রম ও মানবিক উদ্যোগ মহান আল্লাহ কবুল করুন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা আরও বিস্তৃত করতে ইবনে সিনা ট্রাস্ট ভবিষ্যতেও সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার জন্য এ সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা যাতে সহজে ও কার্যকরভাবে এ চিকিৎসাসেবার সুযোগ গ্রহণ করতে পারে, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ পরিচালক এবং চিকিৎসাসেবা বৃদ্ধিকরণ কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ মাহাদি হাসান জুয়েল সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসাসেবার মান ও সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে শিক্ষার্থীদের কল্যাণ ও চিকিৎসাসেবার মানোন্নয়নে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গেও এ ধরনের কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজম খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান এবং বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও চিকিৎসাসেবা বৃদ্ধিকরণ কমিটির সদস্য মোঃ ফেরদাউস হোসেন, কর্মকর্তা সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল হালিমসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দি ইবনে সিনা ট্রাস্টের পক্ষে দয়াগঞ্জ শাখার ডিজিএম ও অ্যাডমিন সৈয়দ ইকবাল হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কর্পোরেট রিজিওনের ইনচার্জ মোহাম্মদ মাসুদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।