মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি :
মালদ্বীপের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠান ও সামরিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহামান্য ড. মোঃ নাজমুল ইসলাম।
মালদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে দেশটির সরকার ও মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (MNDF) যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মালদ্বীপের রাষ্ট্রপতি মহামান্য ড. মোহাম্মদ মুইজ্জু এবং ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত সামরিক প্রদর্শনীতে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সক্ষমতা, আধুনিক সরঞ্জাম এবং পেশাগত প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু, দেশটির সরকার ও জনগণকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
হাইকমিশনারের এ অংশগ্রহণ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সংহতির এক উজ্জ্বল প্রতিফলন। পাশাপাশি দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ।