নুরুজ্জামান লিটন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজারে কেনাকাটা করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর দুর্বৃত্তদের নির্মম মারধরের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন হায়দার আলী (৪৮) নামে এক রিকশাচালক। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার দেওনাহার গ্রামের মৃত কহির মণ্ডলের ছেলে। গত ১ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর বিকেলে হায়দার আলী বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর বাজারের তিন রাস্তার মোড়ে যান। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাঁকে জোরপূর্বক একটি অটোভ্যানে তুলে নিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে তাঁকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. তোতা মিয়া (৫৭) বাদী হয়ে ২ নভেম্বর বদলগাছী থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ০৬।
এদিকে নিহতের স্বজনদের দাবি, আহত হায়দার আলীকে হাসপাতালে নেওয়ার সময় ভ্যানচালক হিসেবে ছিলেন বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের মৃত সাইদালীর ছেলে মো. সামসুদ্দীন। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন তাঁরা। এ কারণে তাঁকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। ভ্যানচালকসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।