মোঃ ইসমাইল হোসেন সজিব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। এ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৪টায় চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
জানা যায়, মসজিদের দানবাক্স চুরির সঙ্গে জড়িতদের বিষয়ে সরেজমিনে সংবাদ সংগ্রহ ও তথ্য অনুসন্ধান করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে সাংবাদিকরা হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ কামরুল কানন, ইয়াছিন চৌধুরী, আবুল কালাম আজাদ, মো. ইসমাইল হোসেন সজিব, জাহাঙ্গীর আলম, স্বপন পাটোয়ারী ও মনির হোসেন সোহেলসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির ঘটনা বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।